পুঠিয়ায় সংবাদ সম্মেলন

তদন্ত ছাড়াই মামলা এন্টির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

এফএনএস রাজশাহী:
| আপডেট: ৪ মার্চ, ২০২৬, ০৪:৩১ পিএম | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৪:৩১ পিএম
তদন্ত ছাড়াই মামলা এন্টির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

রাজশাহীর পুঠিয়া পৌরসভা এলাকায় রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দায়ের করা একটি মামলায় সুষ্ঠু তদন্ত ছাড়াই মামলা এন্টি করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত পরিবারের সদস্যরা। তারা অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের আহ্বান জানিয়েছেন। বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুঠিয়া পৌরসভার সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. মারুফ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে থানায় অভিযোগ দায়ের করে মামলা এন্টি করা হয়েছে। যথাযথ যাচাই-বাছাই বা প্রাথমিক অনুসন্ধান ছাড়াই মামলাটি রেকর্ড করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বক্তব্যে উল্লেখ করা হয়, মামলার বাদী মো. নাজমুল হক, যিনি পুঠিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত, পূর্ব শত্রুতার জেরে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। অভিযোগে যে হামলা, ভাঙচুর ও অর্থ লুটের কথা বলা হয়েছে, তার সঙ্গে পরিবারের কোনো সদস্যের সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়। এমনকি ঘটনার দিন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলেও তারা জানান। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ কিংবা নিরপেক্ষ অনুসন্ধান ছাড়াই দ্রুত মামলা এন্টি করা হয়েছে। পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করা হয়নি এবং প্রকৃত ঘটনা উদঘাটনের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলেও দাবি করেন বক্তারা। এতে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। বক্তারা বলেন, তারা আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো প্রতিহিংসার পথে হাঁটতে চান না। বরং মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য সদস্যরা জানান, মিথ্যা মামলার কারণে তাদের পরিবার সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান-সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে পরিবারের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা হোক। শেষে বক্ত্যবে বলেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই-এই বিশ্বাস নিয়েই তারা সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে তাদের বক্তব্য তুলে ধরতে চান। সংবাদ সম্মেলনে অভিযুক্ত পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে