সীমান্ত এলাকায় যেসব মানুষ মাদক বহন করেন তারা এটাকে অপরাধ মনে করে না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
বুধবার (৪ মার্চ) রাজশাহীতে ‘মাদকের অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগের আট জেলার মাদক নিরাময় কেন্দ্রের প্রধানদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় দেখেছি, আমাদের মাদক ধরা পড়ার পরিমাণ আগের চেয়ে অনেক বেশি। যারা সীমান্তে কাজ করেন তাদের নজরদারি আরও বাড়াতে হবে।’
তিনি বলেন, সীমান্ত এলাকায় যারা বসবাস করে তারা বাহক হিসেবে কাজ করে। সীমান্তে মাদক পরিবহনকারী বাড়ির মানুষ এটাকে অপরাধ মনে করে না, তারা মনে করে এটা ব্যবসা। তাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভার সভাপতি রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে রাজশাহী বিভাগে কর্মরত ৬১টি মাদক নিরাময় কেন্দ্রের প্রধানরা অংশগ্রহণ করেন।