এখনো বকেয়া রয়েছে বিপিএলের প্রাইজমানি

এফএনএস স্পোর্টস
| আপডেট: ৪ মার্চ, ২০২৬, ০৭:২৯ পিএম | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৭:২৯ পিএম
এখনো বকেয়া রয়েছে বিপিএলের প্রাইজমানি

সর্বশেষ বিপিএলের পর্দা নেমেছে মাস দেড়েকের বেশি সময় পেরিয়ে গেছে। যদিও বিতর্ক এখনো শেষ হয়নি। বিশেষ করে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে চলতি সপ্তাহে নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্সের খেলোয়াড়রা বকেয়া পারিশ্রমিক বুঝে পেয়েছে। এখনো চ্যাম্পিয়ন দল এবং রানার্স-আপ দল প্রাইজমানি বুঝে পায়নি। নিজেদের সব কাগজপত্র জমা দিলেও মেলেনি পুরস্কারের অর্থ। কবে পাবেন সেটাও নিশ্চিত করে বলতে পারেননি ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিপিএল সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সবকিছু চূড়ান্ত হয়ে আছে। সব ডকুমেন্টস ঠিক করা হয়েছে। দ্রুতই ফ্র্যাঞ্চাইজিদের প্রাইজমানি বুঝিয়ে দেওয়া হবে। সময় হিসেব করলে ঈদের আগেই পেয়ে যাবে।’ রানার্স-আপ দলের ক্রিকেটাররা প্রাইজমানির ৪০% পাবেন বলেও উল্লেখ করেন তিনি। এদিকে চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্স পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার্স-আপ দল চট্টগ্রাম রয়্যালস পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা। প্রসঙ্গত,  সবশেষ ২০২৫ মৌসুমের বিপিএলে বিসিবির অর্জিত অর্থ থেকে লভ্যাংশ পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবারের আসর থেকে লভ্যাংশ না ও পেতে পারে মালিকরা, পেলেও সেটা কম হতে পারে।