নীলফামারীর-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের এমপি হাফেজ আব্দুল মুনতাকিম বলেছেন, ডিওলেটার এখন আর বিক্রি হবে না। ডিওলেটারের প্যাডে আমি সিল ও সাইন করে রাখবো। প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। সোমবার কিশোরীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্ এর সভাপতিত্বে ও সেক্রেটারি ফেরদৌস আলমের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, নীলফামারী জেলা শাখা এলডিপির সভাপতি নুরুল আসলাম বসুনিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন ও সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, চিকলি, চারালকাটা ও ধাইজান নদীর উপর ব্রীজ নির্মাণ করা হবে। তারমধ্যে জরিয়ালের ঘাট ও কেশবা ময়দানের ঘাটে প্রথম ব্রীজ নির্মাণ করা হবে। ধাপে-ধাপে কাজগুলো করতে চাই। এজন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।