মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় অনেক বাংলাদেশি সেখানে আটকে পড়েছিলেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি অভিযানের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রভাব পড়ে আকাশপথে যাতায়াতে। বেশ কিছু ফ্লাইট স্থগিত হওয়ায় দুবাইয়ে অবস্থানরত অনেক বাংলাদেশি যাত্রী দেশে ফিরতে পারেননি। এই পরিস্থিতিতে তাদের ফিরিয়ে আনতে ইউএস বাংলা এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়।
বিমানবন্দর সূত্র জানায়, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। পরে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয় এবং বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছায়।
ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বলেন, “মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে ইউএস বাংলা এয়ারলাইন্স বিশেষ উদ্যোগ নিয়েছে।”
তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। যেসব যাত্রীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের অগ্রাধিকার দিয়ে এই ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।
বিমানবন্দরে অপেক্ষমাণ স্বজনরা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তারা বেশ উদ্বিগ্ন ছিলেন। নিয়মিত যোগাযোগের সময় মিসাইল হামলার খবর পাওয়ায় পরিবারগুলো আতঙ্কে ছিল। প্রিয়জনদের নিরাপদে ফিরে আসতে দেখে স্বস্তি প্রকাশ করেন তারা।
ফিরে আসা যাত্রীদের মধ্যে শ্রমিক, পর্যটক ও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি রয়েছেন। দেশে ফিরে তারা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত দেশে ফিরতে সহায়তা করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, একই পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে আরেকটি বিশেষ ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। পরে দুবাইয়ের স্থানীয় সময় রাত ১০টায় সেই ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে।