আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ১২:৫৫ পিএম
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এদিন রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ সিদ্ধান্ত দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে ২৭ জানুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

আলোচিত এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুলিশের এএসআই আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ। বাকি ২৪ জন এখনো পলাতক।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। ঘটনার সময় দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা তার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই দৃশ্য দেশজুড়ে আলোড়ন তোলে এবং ছাত্র-জনতার আন্দোলনকে আরও তীব্র করে তোলে।

তদন্তের ধারাবাহিকতায় গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হয়। পরে ৩০ জুন অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এরপর ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

শুনানির সময় প্রসিকিউশন পক্ষ ট্রাইব্যুনালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সিসিটিভি ফুটেজও উপস্থাপন করে। প্রসিকিউটর মিজানুল ইসলাম ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিদের অবস্থান ও কর্মকাণ্ড তুলে ধরে ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে মিজানুল ইসলাম ও মঈনুল করিম অংশ নেন।

আবু সাঈদের মৃত্যুর ঘটনাটি সেই সময় দেশব্যাপী আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। পরে সেই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট তৎকালীন সরকার পতনের ঘটনাও ঘটে।

আপনার জেলার সংবাদ পড়তে