সারা দেশে বিরাজমান গুমোট আবহাওয়ার মধ্যে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, কয়েকদিন শুষ্ক আবহাওয়ার পর সোমবার থেকে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির দেখা মিলতে পারে। একই সময়ে তাপমাত্রায় সামান্য ওঠানামারও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৫ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুরুতে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (৭ মার্চ) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (৮ মার্চ) সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে সোমবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকার কথাও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।