পাটশিল্পে নতুন প্রণোদনা, রপ্তানিতে করছাড় ও নগদ সহায়তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৩:০৪ পিএম
পাটশিল্পে নতুন প্রণোদনা, রপ্তানিতে করছাড় ও নগদ সহায়তা

দেশের পাটশিল্পকে নতুন করে শক্তিশালী করতে এবং কাঁচা পাট রপ্তানির ওপর নির্ভরতা কমাতে পাটপণ্য রপ্তানিতে করছাড় ও নগদ সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, দেশের পাটশিল্পকে আধুনিকায়ন ও রপ্তানিমুখী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বন্ধ হয়ে যাওয়া পাটকল পুনরায় চালু করা এবং বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ জোরদার করা হচ্ছে। এতে করে পাটভিত্তিক শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, সোনালি আঁশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট আইন সংশোধন, বিশেষ প্রণোদনা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে জুট পোর্টাল চালু, একটি টাস্কফোর্স গঠন এবং পাটভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মো. শরীফুল আলম বলেন, “গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ নামে আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়েও কাজ চলছে।” তার মতে, বিশ্ববাজারে পাটপণ্যের চাহিদা বাড়ছে, তাই এই খাতে নতুন বিনিয়োগ ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

জাতীয় পাট দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। একই সঙ্গে ৬ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে