সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ ও দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: আবু বকর সিদ্দিকের পরিচালনায় আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইফার ফিল্ড অফিসার ড. মাও. মো.কামরুল হাসান। আলোচনাসভায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ইশতিয়াক ইমন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমাত, সিনিয়র তথ্য অফিসার মো: সাইফুল আলম, ইফার মাস্টার ট্রেইনার মাও মো: উমর ফারুক, কিশোরগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাও. হেলাল উদ্দিন, জেলা ওলামাদলের আহবায়ক মাও.রফিকুল ইসলাম, সদস্য সচিব হাফেজ মাও. মোশাররফ হোসেন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন, বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাও.ইমরুল হাসান, সাধারণ সম্পাদক মো.আমিনুল হক সাদী, ইফার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাও বিল্লাল হোসেন, মডেল কেয়ারটেকার হাফেজ মাও. মাসুম বিল্লাহ, সাধারণ কেয়ারটেকার হফেজ মাও. হুমায়ুন কবীর, সাধারণ কেয়ারটেকার মাও. খন্দকার সাদেকুজ্জামান প্রমুখ। সভায় বক্তারা বলেন, যাকাত ইসলামের ৫টি স্তম্ভের একটি। নিসাব পরিমাণ সম্পদের মালিক অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা এর সমতুল্য সম্পদ বা টাকা এক বৎসরকাল অতিবাহিত হলে তার উপর শতকরা আড়াই টাকা বা হাজারে পঁচিশ টাকা হারে যাকাত ফরয। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ রুকন ও আর্থিক ইবাদত। আটটি নির্দিষ্ট ক্ষেত্রে যাকাতের অর্থ প্রদান করা যায় যা কুরআন ও সুন্নাহ দ্বারা নির্ধারিত। যাকাত তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জাহান্নাম থেকে মুক্তির উপায়। যাকাতের মাধ্যমে অর্থ অহমিকার বিলোপ সাধন করে ও ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আত্মিক শান্তি লাভ এবং আল্লাহর নিয়ামতের শোকর করা যায়। যাকাত সম্পদ ও ব্যক্তিকে পবিত্র করে। যাকাতের অর্থ আয়করমুক্ত। সরকারি ফান্ডে যাকাত প্রদানের বিষয়ে শুক্রবারের জুমুআর খুতবা এবং নিজ নিজ অধিক্ষেত্রে প্রচারণা চালাতে হবে। এছাড়াও সরকারি যাকাত ফান্ডে যারা যাকাত দিবেন, তাদেরকে সামাজিকভাবে স্বীকৃতি ও স্মারক উপহার দেওয়া যেতে পারে যাতে যাকাত প্রদানকারী ব্যক্তি উৎসাহিত হয়। এ সময় বক্তারা যাকাত প্রদানকারী ব্যক্তিদের যাকাতের একটা নির্দিষ্ট অংশ সরকারি যাকাত ফান্ডে জমা দেওয়ার আহ্বান জানান।