এনিমেশন দুনিয়ার জনপ্রিয় স্টুডিও পিক্সার তাদের বহুল সফল ফ্র্যাঞ্চাইজি ‘মনস্টার্স ইনকর্পোরেটেড’-এর তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত পিক্সারের একটি প্রোফাইলে এই নতুন প্রকল্পের তথ্য উঠে আসে। এতে নিশ্চিত করা হয়েছে, দর্শকদের প্রিয় দুই চরিত্র সুলি ও মাইক ওয়াজাউস্কি আবারও বড় পর্দায় ফিরছে।
২০০১ সালে মুক্তি পাওয়া ‘মনস্টার্স, ইনকর্পোরেটেড’ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। এনিমেশনটি শুধু দর্শকপ্রিয়তাই পায়নি, বক্স অফিসেও বড় সাফল্য এনে দেয়। ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫২৮ দশমিক ৭ মিলিয়ন ডলার আয় করে। অদ্ভুত কিন্তু মজার দানবদের শহর এবং মানুষের শিশুদের ভয় দেখিয়ে শক্তি সংগ্রহের কল্পনাপ্রসূত গল্প তখনই দর্শকদের মন জয় করে নেয়।
এরপর ২০১৩ সালে মুক্তি পায় প্রিক্যুয়েল ‘মনস্টার্স ইউনিভার্সিটি’। এতে দেখানো হয় সুলি ও মাইকের কলেজ জীবনের গল্প। এই ছবিটি আগেরটির সাফল্য ছাড়িয়ে গিয়ে বিশ্বজুড়ে প্রায় ৭৪৩ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করে। পরে এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা ধরে রাখতে ‘মনস্টার্স অ্যাট ওয়ার্ক’ নামে একটি সিরিজও তৈরি করা হয়।
তবে নতুন সিনেমা ‘মনস্টার্স ইনকর্পোরেটেড ৩’ সম্পর্কে এখনই খুব বেশি তথ্য প্রকাশ করেনি পিক্সার। কে পরিচালনা করবেন কিংবা গল্প কোন সময়কে ঘিরে তৈরি হবে, সে বিষয়েও স্টুডিও গোপনীয়তা বজায় রেখেছে। তবু প্রিয় চরিত্রদের নতুন অভিযানের খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
শুধু এই ফ্র্যাঞ্চাইজি নয়, পিক্সার বর্তমানে আরও কয়েকটি বড় সিক্যুয়েল নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে ‘টয় স্টোরি ৫’, ‘দ্য ইনক্রেডিবলস ৩’ এবং ‘কোকো ২’। পাশাপাশি নতুন মৌলিক গল্প নিয়েও এগোচ্ছে স্টুডিওটি। আগামী বছরে ভেনিসের এক বিড়াল চোরকে ঘিরে ‘গ্যাটো’ নামের একটি সিনেমা মুক্তির পরিকল্পনা রয়েছে।
এছাড়া এশীয় পৌরাণিক কাহিনি থেকে অনুপ্রাণিত ‘ওনো ঘোস্ট মার্কেট’ এবং ‘টার্নিং রেড’ খ্যাত পরিচালক ডোমি শির একটি মিউজিক্যাল সিনেমা নিয়েও কাজ চলছে।
এদিকে পিক্সারের নতুন সিনেমা ‘হপার্স’ মুক্তির প্রস্তুতিও চলছে। প্রাথমিক প্রিভিউতেই সিনেমাটি প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন ডলার আয় করেছে। ধারণা করা হচ্ছে, মুক্তির প্রথম সপ্তাহান্তেই এর আয় ৪০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
পিক্সারের একের পর এক সিক্যুয়েল ও নতুন গল্পের ঘোষণায় এনিমেশনপ্রেমীদের কাছে আবারও জমে উঠছে স্টুডিওটির ভবিষ্যৎ পরিকল্পনা। বিশেষ করে সুলি ও মাইকের প্রত্যাবর্তনের খবর এখনই ভক্তদের আলোচনার কেন্দ্রে।