লা লিগায় টানা দুই ম্যাচে হারের হতাশা কাটিয়ে শেষ মুহূর্তের নাটকীয় গোলেই জয়ে ফিরেছে রেয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে কঠিন লড়াই শেষে ২-১ গোলের জয় পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।
শুক্রবার রাতের ম্যাচে শুরুতে এগিয়ে গেলেও দ্রুত সমতায় ফেরে সেল্তা ভিগো। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেদেরিকো ভালভের্দের শটে ভাগ্যের ছোঁয়ায় গোল পেয়ে জয় নিশ্চিত করে রেয়াল।
লা লিগায় সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কিছুটা চাপেই ছিল রেয়াল মাদ্রিদ। এর আগে গেতাফের বিপক্ষে ১-০ গোলে হেরে পয়েন্ট হারিয়েছিল তারা। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটও দলকে ভুগিয়েছে। সেই প্রেক্ষাপটে সেল্তা ভিগোর মাঠে পাওয়া এই জয় রেয়ালের জন্য স্বস্তির।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। ষষ্ঠ মিনিটে প্রথম বড় সুযোগ পায় সেল্তা ভিগো। ফরোয়ার্ড বোর্হা ইগলেসিয়াসের নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।
দশম মিনিটে গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় রেয়াল। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে বল লাগে পোস্টে।
এক মিনিট পরেই গোলের দেখা পায় রেয়াল। একাদশ মিনিটে কর্নার থেকে পাওয়া বল বক্সে বাড়িয়ে দেন আর্দা গুলের। প্রথম স্পর্শেই জোরালো শটে দলকে এগিয়ে দেন অরেলিয়েঁ চুয়ামেনি।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মাদ্রিদের দল। পঁচিশ মিনিটে উইলিয়ট সুইডবার্গের পাস থেকে বাঁ পায়ের শটে সমতা ফেরান ইগলেসিয়াস।
প্রথমার্ধের শেষ দিকে আবারও গোলের সুযোগ তৈরি করে সেল্তা। ছয় গজ বক্সের বাইরে থেকে সুইডবার্গের শক্তিশালী শট ফিরিয়ে দিয়ে দলকে রক্ষা করেন কোর্তোয়া।
দ্বিতীয়ার্ধেও রেয়ালের আক্রমণে ধার কম ছিল। ৬৭ মিনিটে ভিনিসিয়ুসের দূরপাল্লার শট গোলরক্ষককে তেমন পরীক্ষা নিতে পারেনি।
৭০ মিনিটে কর্নার থেকে সেল্তার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির দাবি তোলে রেয়াল। তবে ভিডিও রিপ্লে দেখে রেফারি উল্টো সেল্তাকে ফ্রি কিক দেন। কারণ, তার আগে চুয়ামেনি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দিয়েছিলেন।
ম্যাচের শেষদিকে গোলের সুযোগ পায় সেল্তা ভিগো। বদলি নামা ইয়াগো আসপাসের শট পোস্টে লাগলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রেয়াল।
তবে নাটকীয়তা তখনও বাকি ছিল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে ভালভের্দে শট নেন। বল প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। গোলরক্ষকের কিছুই করার ছিল না।
এই জয়ের পর ২৭ ম্যাচে ২০ জয় ও ৩ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রেয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, “লা লিগায় এখনো অনেক পথ বাকি। অনেক পয়েন্টের খেলা সামনে রয়েছে। প্রতিটি ম্যাচই এখন একেকটি যুদ্ধ।”
তিনি আরও বলেন, “আমরা প্রায় ১০ জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া এই ম্যাচ খেলেছি। তাই এই জয় দলের জন্য গুরুত্বপূর্ণ।”
রেয়ালের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বলেন, “ম্যাচটি কঠিন ছিল। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের সঙ্গে ছিল না। কিন্তু আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম। শেষ পর্যন্ত জিততে পারায় আমরা খুবই খুশি।”