মতিঝিলে ২৪০২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ৭ মার্চ, ২০২৬, ০৪:৪০ পিএম | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০৪:৪০ পিএম
মতিঝিলে ২৪০২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী  গ্রেফতার

ডিএমপি, ঢাকার মতিঝিল থানা এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক উদ্ধার ও মাদক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গত ০৪ মার্চ রাতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার মতিঝিল থানাধীন কমলাপুর স্টেশন রোডের একটি আবাসিক হোটেলে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় একজন ব্যক্তিকে সন্দেহ মূলক ভাবে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ হাসান (২৪), পিতা- মমতাজ উদ্দিন, সাং- উমখালী, দক্ষিণ মিঠাছড়ি, থানা- রামু, জেলা- কক্সবাজার বলে জানা যায়। আসামি মোঃ হাসান (২৪)’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিশেষ পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেট সেবন পূর্বক পেটের মধ্যে বহন করে নিয়ে এসেছে এবং আবাসিক হোটেলের একটি রুমের বাথরুম থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৬ (ছাব্বিশ) টি পোটলায় রক্ষিত মোট ১২০০ (এক হাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে আসামি মোঃ হাসান (২৪)’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে তাকে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে আসামি মোঃ হাসান (২৪) এর পেটের মধ্যে বস্তু সদৃশ কিছু দেখা যায় এবং গতকাল ০৫/০৩/২০২৬ তারিখ রাত ২০.২০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক ঔষধ প্রয়োগের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে আসামি মোঃ হাসান (২৪)’কে মলত্যাগ করিয়ে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৪ (চব্বিশ) টি পোটলায় রক্ষিত মোট ১২০২ (এক হাজার দুইশত দুই) পিচ ইয়াবা ট্যাবলেট  উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত সর্বমোট ২৪০২ (দুই হাজার চারশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য ৭,২০,৬০০/- (সাত লক্ষ বিশ হাজার ছয়শত) টাকাসহ আসামি মোঃ হাসান (২৪)’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি, ঢাকা মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে