চাটমোহরে পুকুর খননকালে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০২:৫৫ পিএম
চাটমোহরে পুকুর খননকালে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ এলাকার একটি পুকুর সংস্কারের কাজ চলাকালে প্রাচীন একটি বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। গত শনিবার (৭ মার্চ) দুপুরে মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাচীন এই মূর্তিটি মহামূল্যবান কষ্টিপাথরের হতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।  এলাকাবাসী জানায়,নিমগাছি মৎস্য প্রকল্পের আওতায় পুকুরটি সংস্কারের জন্য এস্কেভেটর (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে পাথরের মূর্তিটি দেখতে পান শ্রমিকরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহলী মানুষ ভিড় জমায়। ওই পুকুর খননে দায়িত্বে থাকা ওই গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী থানা ও উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তারা মূর্তিটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করেন। বর্তমানে উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান,উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৪ ফুট এবং ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি হতে পারে। মূর্তিটি ভাঙ্গা অবস্থায় উদ্ধার করা হয়। আপাতত সেটি সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে