আমরা অত্যন্ত গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি, দেশে ভোক্তা-আন্দোলনের অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান রোববার রাতে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক এবং মৃত্যুর আগ পর্যন্ত ওই বিভাগের ‘অনারারি প্রফেসর’ ছিলেন। ১৯৭৮ সালে ক্যাব প্রতিষ্ঠার সময় তিনি সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সে সময় ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠন হিসেবে ক্যাবকে সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেতৃত্ব প্রদান করেন। ভোক্তা আন্দোলনে তাঁর অবদান আমাদের সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ক্যাবের বিভাগ, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং ক্যাবের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত। আমরা অধ্যাপক সাখাওয়াত আলী খানের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।