সৈয়দপুরে এফওএইচ স্কুলের শিক্ষার্থীরা পেল ঈদ সামগ্রী উপহার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ১২:২৭ পিএম
সৈয়দপুরে এফওএইচ স্কুলের শিক্ষার্থীরা পেল ঈদ সামগ্রী উপহার

নীলফামারীর সৈয়দপুরে ফ্রেন্ডস অব হিউমেনেটি (এফ ও এইচ) প্রকল্পের অধীনে অধ্যায়নরত শিক্ষার্থীর পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ মার্চ শহরের নিয়ামতপুর সরকার পাড়ায় অবস্থিত এফ ও এইচ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সৈয়দপুর পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। 

বিশেষ অতিথি  এফওএইচ বাংলাদেশের কান্ট্রিডিরেক্টর সৈয়দ ওসামা জালাল ও শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। 

এছাড়াও ছিলেন হিট এর ভাইস চেয়ারম্যান মো. আব্দুল  বারী,এফওএইচ স্কুল প্রজেক্টের কো- অর্ডিনেটর মো. আব্দুল লতিফ, স্কুলের অধ্যক্ষ আয়শা সিদ্দিকা ও ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি কবি মাজিদ ইকবাল। 

অনুষ্ঠানে হিউমেনেটি ইন ডিস্ট্রেস (হিড) এর অর্থায়নে এফ ও এইচ প্রকল্পের অধীনে ৬টি বিদ্যালয়ের ১ হাজার ২শ ৮৭ জন শিক্ষার্থীর পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ প্রকল্পের উদ্যোগে রংপুরসহ মোট ১ হাজার ৬শ জন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় ঈদ উপহার সামগ্রী। 

অনুষ্ঠানে শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে ৩ কেজি চাল,২ কেজি পোলার চাল,১ লিটার তেল,১ কেজি চিনি,১ কেজি আটা,১ কেজি লবন,১ কেজি ডাল, ১ কেজি সেমাই,২ কেজি পেয়াজ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। 

এ সময় তিনি বলেন,শিক্ষা জাতীর মেরুদণ্ড। শিক্ষা বিহীন জীবন অর্থহীন। তাই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আর এ জন্য প্রয়োজন ভাল শিক্ষক ও প্রতিষ্ঠান। সমাজের অবহেলিত শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে যারা নিঃস্বার্থভাবে কাজ করেন তারা নিঃসন্দেহে একজন অত্যন্ত ভাল মনের মানুষ। ক্যাম্পের শিশুরা লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হয়ে দেশ ও দেশের মানুষের সেবা করবে এ প্রত্যাশা করি।

এ সময় বিশেষ অতিথি সৈয়দ ওসামা জালাল  শিক্ষার্থী-অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা বিস্তারে সৈয়দপুরে অনন্য ভূমিকা রাখছে এফ ও এইচ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। এর অধিকাংশ শিক্ষার্থীই  ক্যাম্প শিশু। কিন্তু সুদৃশ্য স্কুল ইউনিফরম পরিহিত এই শিক্ষার্থীদের দেখে বোঝার উপায় নেই তারা সমাজের অনগ্রসর অংশ। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্তানদের শিক্ষার জন্য অনুপ্রাণিত করবেন। তা হলেই তারা একদিন মানুষের মত মানুষ হয়ে সুনাগরিক হিসাবে গড়ে উঠবে।

হিড ভাইস চেয়ারম্যান এম এ বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুরের ২২টি ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফ ও এইচ হাই স্কুলের সহকারি শিক্ষিকা সুইটি আক্তার।

উল্লেখ, ২০১৪ সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) হিউম্যান ইন ডিস্ট্রেস (হিড) এর অর্থায়নে  ফ্রেন্ডস অব হিউমেনিটি (এফওএইচ) সৈয়দপুরের বিভিন্ন এলাকায় ৫টি প্রাথমিক ও একটি উচ্চ বিদ্যালয় পরিচালনা করছে। এ সব বিদ্যালয়ের সুবিধাভোগীরা হলো মূলতঃ ক্যাম্প শিশু ও সমাজের অনগ্রসর অংশের শিশু কিশোর।

আপনার জেলার সংবাদ পড়তে