রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ভোরে বঙ্গভবনের সামনের সড়কে মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) এবং শেরপুর সদর উপজেলার বেপারী বাড়ি এলাকার জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)। দুজনেই মুরগি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহিন জানান, রাত ৪টার দিকে বঙ্গভবনের সামনে সড়কে মুরগিবোঝাই একটি ভ্যান ইউটার্ন নিচ্ছিল। সে সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা রিপন ও সুলতান গুরুতর আহত হন। পরে পথচারীদের সহায়তায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।