নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির (৪৯) মাথা থেতলানো রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীরামপুর আইড়মারী ব্রিজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মুখে দাঁড়ি এবং পরণে লুঙ্গি, সাদা রঙের ফুল হাতা শার্ট ও নেভি ব্লু রঙের একটি জ্যাকেট রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় সনাক্ত করতে সম্ভব হয়নি।
জানা যায়, মঙ্গলবার সকালে পথচারীরা মহাসড়কের পাশে ঘাসের উপরে রক্ত ও পাশে একটি রক্তাক্ত গামছা দেখতে পান। পরে আরেকটু এগিয়ে মহাসড়কের পাশের নীচু জমিতে ওই ব্যাক্তির মাথা থেতলানো লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পাশে ও পাশের ব্রিজের উপর থেকে দুইটি রক্তাক্ত কম্বল এবং একটি বাসের সিট পাওয়া গেছে। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই টিম নিহতের পরিচয় সনাক্তসহ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, দুর্বৃত্তরা তাকে ভারী কোন বস্তু দিয়ে অন্য কোথাও মাথা থেতলে হত্যা করে কম্বল দিয়ে ঢেকে এখানে এনে ফেলে রেখে গেছে বলে মনে হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সাথে তার পরিচয় সনাক্তসহ দায়ী ব্যাক্তিদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ কাজ করছে।