কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম এর আয়োজনে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)এর সদস্যদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাবের আলোর ভুবন অডিটোরিয়াম কর্মশালায় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা কমিটি এবং দুই জেলার সকল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি সেবায় দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম এর উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান, সহকারী পরিচালক সাব্দারুল ইসলাম ও উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।