নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি জবরদখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে কতিপয় ভূমিদস্যুর বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঁচজনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি পক্ষ বিদ্যালয়ের ওই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। সমপ্রতি ওই সম্পত্তি থেকে গাছ কেটে নেওয়া এবং পুকুর থেকে মাছ তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন অভিযোগ তুলে বিষয়টি ভাইরাল করা হয়।
ফেসবুকের ‘মেহেদী হাসান অন্তর’ ও ‘আশা একরামুল হক’ নামের দুটি আইডি থেকে প্রচারিত পোস্টে দাবি করা হয়, শ্রীরামপুর গ্রামের রজব আলী ও তার পরিবারের পুকুর থেকে মাছ লুট এবং কবরস্থান থেকে গাছ কেটে নিয়েছেন ফরহাদ হোসেন চকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনসহ তাদের সহযোগীরা। এ সময় বাধা দিলে রজব আলীর পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ব্যবসায়ী ফরহাদ হোসেন চকদার। তিনি বলেন, তার পরিবার ১০৪ শতক জমি শ্রীরামপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে দান করেন এবং এটি বিদ্যালয়ের বৈধ সম্পত্তি। তার দাবি, রজব আলী ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছেন।
তিনি আরও বলেন, গত ৭ মার্চ শনিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে বিদ্যালয়ের পুকুর থেকে মাছ ধরা হয়েছে। কোনো ব্যক্তিমালিকানাধীন পুকুর থেকে মাছ লুট বা গাছ কাটার ঘটনা ঘটেনি। পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তার ব্যবসায়িক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে শ্রীরামপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী সরকার বলেন, সংশ্লিষ্ট সম্পত্তির সব কাগজপত্র বিদ্যালয়ের অনুকূলে রয়েছে। এরপরও রজব আলী ও তার লোকজন বিভিন্ন সময় ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।