বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি

প্রধানমন্ত্রী স্বৈরতন্ত্রের পথেই হাঁটছেন: নাসিরুদ্দিন পাটোয়ারী

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১০ মার্চ, ২০২৬, ০৮:৪৪ পিএম | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৮:৪৪ পিএম
প্রধানমন্ত্রী স্বৈরতন্ত্রের পথেই হাঁটছেন: নাসিরুদ্দিন পাটোয়ারী
রাজশাহীতে ইফতার মাহফিল অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি, প্রধানমন্ত্রী তারেক রহমানও স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন বলে অভিযোগ করেছেন। এ জন্য বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার ( ১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। নাসিরুদ্দিন বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায় নাই। যে সরকারটা হয়েছে এটা একটা অগণতান্ত্রিক সরকার। কারণ, যদি গণতান্ত্রিক সরকার গঠন করতে হয়, তার পূর্বশর্ত হলো একটি ক্লিয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। কিন্তু আমরা ইলেকশনে দেখেছি ইঞ্জিনিয়ারিং হয়েছে। ভোট ডাকাতি হয়েছে। কেন্দ্র দখল হয়েছে এবং সিস্টেমেটিক একটা প্রহসনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে রায়, সে রায়কে দিল্লিতে এবং লন্ডনে যে চুক্তি হয়েছিল, চুক্তি অনুযায়ী একটা সরকার গঠন করা হয়েছে।’ তিনি বলেন, ‘ময়ূর, তার পেখম যদি কাকের ওপরে পড়ানো হয়; কাক কী ময়ূর হয়ে যায়? হয় না। এই জন্য বলব স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সংবিধানে রয়েছে, এই সংবিধানে যিনি প্রধানমন্ত্রী বর্তমানে আছেন, তিনি স্বৈরতন্ত্রের পথেই হাঁটছেন। এই জন্য আমি বলব, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংস্কারকে বাস্তবায়ন করতে হবে।’ নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘যদি না করতে পারি, শেখ হাসিনা যে স্বৈরতান্ত্রিক রাজত্ব চালিয়েছিল; আরেক স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে আমরা যাচ্ছি। যদি কেউ স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে যেতে চায়, আমরা তখন দেখব না তিনি বেগম জিয়ার ছেলে, নাকি শহীদ জিয়ার ছেলে। লড়াইটা আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা চাই না।’ তিনি বলেন, ‘তারেক রহমানকে কে উপদেশ দেয়? তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম আপনারা জানেন? তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম হলো আব্বাস উদ্দীন সাহেব। এই আব্বাস উদ্দীন সাহেবের রাজনৈতিক উপদেষ্টা কে জানেন? আফরোজা আব্বাস সাহেব। যিনি কেন্দ্র দখল করেছিলেন, ভোট ডাকাতি করেছিলেন। আমরা ধরে নিতে পারি, তারেক রহমানের ইনডাইরেক্টলি উপদেষ্টা হলেন আফরোজা আব্বাস।’ ইফতারের আগে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন; রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামানিক। এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সভাপতিত্ব করেন। মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, তাহসিন রিয়াজ, সাইফ মুস্তাফিজ, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ। ইফতার অনুষ্ঠানে বিভাগের ৮ জেলার এনসিপি, যুবশক্তি ও নারীশক্তির প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন।
আপনার জেলার সংবাদ পড়তে