মন্ত্রী মর্যাদার প্রস্তাবের জেরে জামায়াত আমিরের উপদেষ্টা অব্যাহতি, নতুন দায়িত্বে ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০১:০১ এএম
মন্ত্রী মর্যাদার প্রস্তাবের জেরে জামায়াত আমিরের উপদেষ্টা অব্যাহতি, নতুন দায়িত্বে ব্যারিস্টার আরমান

দলীয় নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা ১৪ আসনের জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। বিষয়টি জানাজানি হওয়ার পর মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে বিবৃতি দিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দলীয় বিবৃতিতে বলা হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্দেশনায় অধ্যাপক মাহমুদুল হাসানকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে একটি চিঠি পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে নির্দিষ্ট কিছু বিষয়ে দলের অবস্থান তুলে ধরার কথা ছিল। তবে ওই চিঠিতে তিনি এমন কিছু বিষয় যুক্ত করেন, যা আমিরের নির্দেশনার মধ্যে ছিল না। এ কারণে গত ২ মার্চ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার স্থলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

জামায়াতের বিবৃতিতে আরও বলা হয়, প্রায় দুই সপ্তাহ আগে বিরোধী দলের নেতা ও জামায়াত আমিরের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠানো হয়। গত ২২ ফেব্রুয়ারি পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছিল, অধ্যাপক মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার অভিজ্ঞতার কথাও সেখানে তুলে ধরা হয়।

চিঠিতে একটি প্রস্তাবও রাখা হয়েছিল। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিরোধী দলের নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলে তা একটি অভিনব উদ্যোগ হবে। এর মাধ্যমে পররাষ্ট্রনীতির বিষয়ে সরকারের কাছে বিরোধী দলের অবস্থান তুলে ধরা সম্ভব হবে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।

তবে বিরোধী দলের পক্ষ থেকে এমন প্রস্তাব পাওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, “বিরোধী দল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা নিয়োগের এমন কোনো নজির নেই।”

বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী বা প্রতিমন্ত্রী পর্যায়ের তিনটি পদ রয়েছে। এগুলো হলো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

জামায়াতের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী। কোনো বিষয়ে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হলে আমরা তা দ্রুত সংশোধনের নীতিতে বিশ্বাস করি। আলোচ্য ঘটনার ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তাই আর ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।”

আপনার জেলার সংবাদ পড়তে