প্রথম ওয়ানডেতে দারুণ জয়ের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি, যা শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।সিরিজের প্রথম ম্যাচে পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে বড় জয় পায় স্বাগতিকরা। তার ৫ উইকেটের তোপে পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। পরে তানজিদ হাসান তামিমের ঝড়ো অপরাজিত ৬৭ রানের ইনিংসে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগারদের সামনে এখন সিরিজ জয়ের সুযোগ। দ্বিতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার মতে, দলের সবাই নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করলে সিরিজ নিশ্চিত করা সম্ভব। অন্যদিকে প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। তরুণ দল নিয়ে খেলতে নামা পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি আশা করছেন, দ্বিতীয় ম্যাচে ভালো পারফরম্যান্স করে সিরিজে সমতা ফেরাতে পারবে তার দল।