মালদ্বীপের দিগুড়া (উযরমঁৎধধ) আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতদের একজন লক্ষ্ণীপুরের চন্দ্রগঞ্জ এলাকার তাজ উদ্দিন সজিব। শুক্রবার সকালে লক্ষ্ণীপুরের চন্দ্রগঞ্জে সজিবের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। ছোট্ট একটি ঘরে কোলে চার মাস বয়সী কন্যা সন্তান নিয়ে নির্বাক বসে আছেন স্ত্রী অনন্তি বেগম। স্বামীর মৃত্যুর খবর শুনে বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। পাশে বসে বৃদ্ধ মা তাহেরা বেগম শুধু বলছিলেন, “আমার ছেলেটারে একবার দেখাইয়া দাও আল্লাহ।” নিহত তাজ উদ্দিন সজিব লক্ষ্ণীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাচারিবাড়ি এলাকার বাসিন্দা। তিনি আবুল কাশেমের ছেলে। সংসারের হাল ধরতে মাত্র ছয় মাস আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন। পরিবার সূত্রে জানা যায়, বিদেশ যেতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছিল। অনেক কষ্ট করে জমি বন্ধক রেখে সেই টাকা জোগাড় করেছিলেন পরিবার। বিদেশে গিয়ে তিন মাসে প্রায় এক লাখ বিশ হাজার টাকা বাড়িতে পাঠিয়েছিলেন সজিব। সেই টাকা দিয়েই কোনোমতে চলছিল সংসার। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় তার মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার।
সজিবের বাবা আবুল কাশেম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“ছেলেটা বলছিল, বাবা আর কষ্ট করবা না, আমি সংসার সামলাইমু। অনেক কষ্ট করে বিদেশে পাঠাইলাম। এখন আমার ছেলেটাই আর ফিরবে না। তার ছোট বাচ্চা আর বউ কীভাবে চলবে? এ বিষয়ে লক্ষ্ণীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিশা বলেন, “মালদ্বীপে দুর্ঘটনায় নিহত লক্ষ্ণীপুরের প্রবাসী তাজ উদ্দিন সজিবের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার চেষ্টা করা হবে।” স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারের চার মেয়ের বিয়ে হয়ে গেছে। সংসারের একমাত্র বড় ভরসা ছিলেন সজিব। তার অকাল মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। স্থানীয়রা দ্রুত মরদেহ দেশে আনা এবং পরিবারটির জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। নিহত বাংলাদেশিদের পরিচয় মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের মধ্যে রয়েছেন-
মোঃ তাজ উদ্দিন ইসলাম (পাসপোর্ট: অ১৪২৫৭২৭২), আলাদাদপুর, চন্দ্রগঞ্জ, লক্ষ্ণীপুর
মোঃ সদর আলী (পাসপোর্ট: অ১৩৬২৭৩২৪), হবিগঞ্জ
মোঃ রবিন মোল্লা (পাসপোর্ট: অ১৪০০০৬৮৭), চরফ্যাশন, ভোলা
সফিকুল ইসলাম (পাসপোর্ট: ঊখ০৩৩৬২৭৫), রাজাপুরা, নরসিংদী
মোঃ নুর নবী সরকার (পাসপোর্ট: ইখ০৬২৯৩৯৬), বগুড়া এ ঘটনায় জামাল উদ্দিন (সুনামগঞ্জ) ও সাদ্দাম হোসেন (কুমিল্লা) আহত হয়েছেন। গুরুতর আহত মোঃ বাবুল মিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণে তার শরীরের প্রায় ২৪ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।