টটেনহ্যামের প্রধান কোচ ইগর টিউডরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হারের পর ক্লাবটির পারফরম্যান্স নিয়ে তীব্র চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টটেনহ্যাম নতুন কোচ খুঁজতে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠে ৫-২ গোলের পরাজয়ের মুখে পড়ে টটেনহ্যাম। ম্যাচের শুরুতেই রিজার্ভ গোলরক্ষক কিনস্কির কয়েকটি ভুলে দলটি বড় চাপে পড়ে। ম্যাচের প্রথম পনেরো মিনিটেই সেই ভুলগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এই পরাজয়ের পর প্রিমিয়ার লিগেও টটেনহ্যামের অবস্থান বেশ নাজুক। লিগ টেবিলে অবনমন অঞ্চলের ঠিক এক পয়েন্ট ওপরে রয়েছে দলটি। ফলে লিভারপুলের বিপক্ষে ম্যাচটি কোচ ইগর টিউডরের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রোববার (১৫ মার্চ) বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই ম্যাচ।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের হতাশার কথা খোলাখুলিই জানিয়েছেন ক্রোয়েশিয়ান এই কোচ। ইগর টিউডর বলেন, “গ্লাসটা অর্ধেক ভরা নাকি অর্ধেক খালি, এমন প্রশ্ন করা হয়। কিন্তু এখানে ভরা কিছুই নেই, অনেক কিছুই খালি। আমি যখন এখানে এসেছিলাম, তখন ভাবিনি পরিস্থিতি এতটা গুরুতর।”
তিনি আরও বলেন, “অনেকে মনে করেন কোচ বদলালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা শুনে আমার হাসি পায়, কারণ বাস্তবতা একেবারেই আলাদা।”
তবে ক্লাবের ভেতরের পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, লিভারপুলের বিপক্ষে ম্যাচের ফল খারাপ হলে টটেনহ্যাম নতুন কোচ নিয়োগের প্রস্তুতি নিয়েছে। এজন্য ক্লাব কর্তৃপক্ষ ইতোমধ্যে সম্ভাব্য বিকল্প খোঁজার কাজ শুরু করেছে।
এতে করে লিভারপুল ম্যাচটি টটেনহ্যাম ও টিউডর উভয়ের জন্যই বড় এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ফলাফল খারাপ হলে কোচ পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।