শতাব্দীর ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফে ১৩৬তম ফাল্গুন মাস উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিলের দ্বিতীয় দিনের কর্মসূচি জুম্মা নামাজের পর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুম্মা নামাজ শেষে দরবার শরীফ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী, ভক্ত-আশেকান ও তরিকতের অনুসারীরা অংশগ্রহণ করেন। মাহফিলকে কেন্দ্র করে দরবার শরীফ এলাকায় ছিল ভক্তদের উপচেপড়া ভিড় ও এক অনন্য ধর্মীয় পরিবেশ। মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন হযরত আমীর হিযবুল্লাহ্ পীর সাহেব কেবলা (মা: জি: আ:)। এসময় তিনি মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “কাফেরদের মোকাবেলায়, সিয়া আর সুন্নী নেই, সকল মুসলমান আমরা ঐক্যবদ্ধ।” তিনি আরও বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ নয়, বরং পারস্পরিক ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ইসলামের মূল আদর্শ অনুসরণের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন। মিলাদ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার এবং মানবজাতির সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। মাহফিলে উপস্থিত হাজারো মুসল্লি ও ভক্ত-আশেকান আবেগঘন পরিবেশে মুনাজাতে অংশ নেন। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও ছারছীনা দরবার শরীফে ফাল্গুন মাস উপলক্ষে ঐতিহ্যবাহী এই ঈছালে ছাওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনদিনব্যাপী এই মাহফিলকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত-আশেকানদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দরবার শরীফ এলাকা। আগামী ১৪ মার্চ (শনিবার) বাদ জোহর তিনদিনব্যাপী এই মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। এতে বিপুল সংখ্যক মুসল্লি ও ভক্ত-আশেকানের সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। আখেরী মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হবে।