রাতের আধারে লক্ষাধিক টাকার গাছ লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকার। শুক্রবার দিবাগত রাতে ওই গ্রামের মৃত বারেক সরদারের স্ত্রী রহিমা বেগম অভিযোগ করে বলেন, একি এলাকার মৃত আব্দুল হাই সরদারের ছেলে আবুল হোসেনের সাথে বসতবাড়ির জমি নিয়ে তাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরধরে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইতোমধ্যে আমাদের জমি দখল করে নিয়েছে আবুল হোসেন। তিনি আরও বলেন, গত ১১ মার্চ দ্বিতীয় দফায় আমাদের জমিতে রোপণকৃত বিভিন্ন প্রজাতির প্রায় লক্ষাধিক টাকার আটটি গাছ কাটা শুরু করে আবুল। এসময় তাকে বাঁধা প্রদান করলে কাটা গাছ রেখে চলে যায়। পরবর্তীতে ওইদিন রাতেই গাছগুলো লুট করে নেয়া হয়। তিনি আরও বলেন, আবুল হোসেন কখনো নিজেকে বিএনপি নেতা আবার কখনো বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা দাবি করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মাসুম সরদার বলেন, ৫ আগস্টের পর থেকে আমি এলাকায় নেই। বসতবাড়িতে আমার মা একা থাকেন। এ সুযোগে প্রতিপক্ষ আবুল হোসেন আমাদের গাছ লুট করার পাশাপাশি আমাদের বসতঘর দখল করার হুমকি দিয়ে আসছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবুল হোসেন বলেন, যে গাছগুলো কাটা হয়েছে তা আমার নিজস্ব সম্পত্তির এবং গাছগুলো রাতের আঁধারে নয় বরং প্রকাশ্য দিবালোকে গাছগুলো কেটে আনা হয়েছে। নিজেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সক্রিয় কর্মী হিসেবে দাবি করে তিনি আরও বলেন, অভিযোগকারী রহিমা বেগমের বসতবাড়ি আমার নিজস্ব জায়গায়। শীঘ্রই সেখানে বাড়ি ভাড়া দেওয়ার নোটিশ টাঙিয়ে দেওয়া হবে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।