কুড়িগ্রামের চিলমারীতে ঈদকে সামনে রেখে উপজেলার কাপড়ের দোকানগুলোতে কেনা-বেচা জমে উঠেছে। দিন যত ঘনিয়ে আসছে কাপড়ের দোকানগুলোতে ততই ভিড় বাড়ছে। পুরুষদের চেয়ে নারী ও শিশু ক্রেতাদের সমাগম বেশী এসব কাপড়ের দোকান গুলোতে। সকাল ১০টার পর থেকে রাত ১০টা পর্যন্ত কেনা-কাটায় ব্যস্ত সময় অতিবাহিত করছে ক্রেতা-বিক্রেতারা।
চিলমারী সদর সহ উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, মার্কেটগুলোতে শুধু কাপড়ের দোকান গুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। জোড়গাছ বাজারের কাপড় ব্যবসায়ী জুয়েল মিয়া ও থানাহাট বাজারের কাপড় ব্যবসায়ী আলহাজ্ব মো. মোহাব্বত আলী তারা দুজনই জানান, গত বছরের চেয়ে এ বছর কাপড় ক্রেতাদের ভিড় বেশী। দিনের চেয়ে রাতে মানুষ বেশি আসছে। বেচা-বিক্রি ভাল হওয়ায় দোকানিরাও খুশি। কাপড় ক্রেতা আব্দুল জলিল এর সাথে কথা হলে তিনি বলেন, গত বছরের চেয়ে এ বছর পোশাকের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। ফলে গরিব ও মধ্যবিত্তরা পোশাক ক্রয় করতে হিমশিম খাচ্ছে। মার্কেটগুলোতে ক্রেতাদের আর্কষণের জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক দোকানের সামনে টাঙিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে মানুষের সমাগম প্রতিনিয়ত বাড়ছে। তবে এবার পুরুষ ক্রেতাদের চেয়ে নারী ও শিশু ক্রেতার সংখ্যা অনেক বেশি। এ উপজেলার সবগুলো মার্কেটে দিন দিন জমে উঠছে ঈদের বাজার।