পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে লাক্কি মারওয়াতে বেট্টানি উপজাতীয় এলাকায় পুলিশ গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় ৭ পুলিশ সদস্য মারা গেছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সামা টিভি।
পুলিশ জানায়, এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়।
কর্তৃপক্ষ জানায়, লাক্কি মারওয়াত এলাকায় টহলরত একটি পুলিশ গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনায় স্টেশন হাউস অফিসার (এসএইচও)-সহ সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) জানান, লাক্কি মারওয়াতে একটি পুলিশ গাড়ির কাছে বিস্ফোরণটি ঘটে। নিয়মিত টহল কার্যক্রম চলাকালে গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন পুলিশ সদস্য নিহত হন।
বিস্ফোরণে নিহত পুলিশ সদস্যরা হলেন- এসএইচও সদর আজম, কনস্টেবল শাহ বাহরাম, কনস্টেবল শাহ খালিদ, কনস্টেবল হাজি মুহাম্মদ, কনস্টেবল গুলজাদা ও কনস্টেবল সাখি জাদা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ হামলার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের ধরন এবং কারা এ হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলো।
এদিকে, লাক্কি মারওয়াতে পুলিশ গাড়ির কাছে ‘সন্ত্রাসী হামলা’র তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না।