নড়াইলের কালিয়ায় ৮ বছরের এক সংখ্যালঘু শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ধর্ষক আলী মোল্যা (৫০) কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। সে মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে। ধর্ষিতা শিশু স্থানীয় একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। মামলা নং- ১০/১৪। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় শিশুটি প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে তাদের ঘরের পিছনে যায়। প্রাকৃতিক কাজ শেষে বের হলে ধর্ষক আলী মোল্যা শিশুটির মুখ বেঁধে বাড়ীর অদূরে পানের বরজে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ, (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।