রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানাধীন শালবাগান সিটি গ্যারেজের পেছনে ইসমাইল হোসেনের নির্মাণাধীন চতুর্থতলা ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
সাব্বিরের বাসা মহানগরীর মালদা কলোনি এলাকায়। তার বাবার নাম আব্দুল্লাহ ও মাতার নাম পারুল বেগম। তারা দুই ভাই এক বোন। সাব্বির বিবাহিত তার দুটি সন্তান রয়েছে। ছেলের বয়স ৫ ও মেয়ের বয়স ৩ বছর।
নিহত সাব্বিরের বড় ভাই শাকিল আহমেদ জানান, তারা দুই ভাই একই সাথে কাজ করছিলেন নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায়। তার ছোট ভাই সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পেছনের দোতলা ভবনের ছাদে পড়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।
সাব্বিরের বাবা জানান, তিনি সকালবেলায় এসে ঘুরে গিয়েছিলেন। একটু পরে খবর পান তার ছোট ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে। ভবন মালিক ইসমাইল হোসেন জানান, তিনি বাজারে গিয়েছিলেন। সেখানে শুনতে পান তার ভবনে কাজ করা অবস্থায় এক শ্রমিক ছাদ থেকে পড়ে মারা গেছেন।
বাড়িয়ালার বড় ছেলে সুমন জানান,এই বাড়িতে কাজ করার সময় তাকে বলা হয়েছিল অবশ্যই সেফটি গার্ড ব্যবহার করতে। এমনকি তার সাথে স্ট্যাম্পে চুক্তি হয়েছিল সেফটি গার্ড ছাড়া কোন কাজ করা যাবে না।
পরবর্তীতে তাদের ভবনে বিভিন্ন লোককে নিয়ে কাজ করতে গেলে সেফটি গার্ড না থাকায় তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। গত দুইদিন আগেও চারতলা থেকে একটি বাঁশ পড়ে যায়। একটু জন্য তার দুই সন্তান বেঁচে যান। এ ঘটনায় তাকে অনেক বকাঝকাও করা হয়। সকালে তার গাফলতির মাশুল হিসেবে মৃত্যুবরণ করতে হলো তাকে।
এ বিষয়ে তদন্তকারী চন্দ্রীমা থানার এসআই জিয়াউর জাানান, সরজমিনের তদন্ত ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।