ঈদের ‘ইত্যাদি’তে তারকাদের মিউজিক্যাল ড্রামা, থাকছে নতুন চমক

এফএনএস | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৩:৩৫ পিএম
ঈদের ‘ইত্যাদি’তে তারকাদের মিউজিক্যাল ড্রামা, থাকছে নতুন চমক

ঈদ এলেই দর্শকদের বিশেষ আনন্দ দেয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে অনুষ্ঠানটি। এবারের বিশেষ পর্বে তারকাদের অংশগ্রহণে তৈরি চারটি মিউজিক্যাল ড্রামা থাকছে, যা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

এই মিউজিক্যাল ড্রামাগুলোর গল্পে উঠে এসেছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বাস্তব জীবন, সামাজিক টানাপোড়েন এবং নানা সমস্যার চিত্র। ভিন্নধর্মী এই নাটকগুলোতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ।

আরেকটি মিউজিক্যাল ড্রামায় সমাজে বাড়তে থাকা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। তাদের সঙ্গে বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইকবাল হোসেন ও শাওন মজুমদারকে।

মিউজিক্যাল ড্রামাগুলোর গানে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।

এবারের বিশেষ আকর্ষণ হিসেবে অভিনেত্রী শবনম বুবলী গায়িকা হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। পাশাপাশি দর্শকরা শুনতে পাবেন হাবিব ওয়াহিদের গাওয়া ‘বুঝি নাই তো আগে’ গানটি, যার কথা লিখেছেন এস এ হক অলীক।

অনুষ্ঠানের দর্শকপর্বেও থাকছে ভিন্নতা। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোশাররফ করিম। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। এছাড়া বিদেশি নাগরিকদের অংশগ্রহণ, তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমির নৃত্যসহ নিয়মিত বিভিন্ন আয়োজনও থাকছে।

ঈদ উপলক্ষে নির্মিত এই বিশেষ পর্বটি ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আপনার জেলার সংবাদ পড়তে