চাঁদপুর জেলা শহরের ৭ শতাধিক অটো ও রিক্সা চালকদের সাথে ইফতার শেষে ঈদ উপহার বিতরণ করলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার সম্ভ্যাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন। শনিবার (২৪ মার্চ) বাদ আছর শহরের কোড়ালিয়া রোডস্থ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে তিনি নিজ উদ্যোগে এ আয়োজন করেন। এ বিষয়ে বিএনপি’র এই সম্ভ্যাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ এখনো অনেকক্ষেত্রে অবহেলিত। তারমধ্যে এই অটো ও রিক্সা চালকরাও রয়েছেন। আমাদেরকে অনেকে দাওয়াত দিলেও এই মানুষগুলোকে কেউ দাওয়াত দিয়ে ইফতার করায় না।এমনকি ঈদ উপহারও দেয়না। সেই চিন্তা থেকে আমার মনের ইচ্ছে পূরণে আমি তাদের সাথে একদিন ইফতার করলাম এবং সাধ্যমতো ঈদ উপহার বিতরণ করলাম। তিনি আরও বলেন, আমি সবসময় সাধারণ মানুষের সাথে মিশে থাকতে পছন্দ করি। তাদের জন্য কাজ করতে পছন্দ করি।যাতে আগামীতেও সমাজের উন্নয়নে তাদের পাশে দাঁড়াতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাই। এসময় আলহাজ্ব মোশারফ হোসাইনের সহধর্মিণী নাঈমা মোশারফ ও ছেলে মার্জুক মোশারফ ঐশ্বর্য। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিশি বিল্ডিং রোড জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি আশেকে এলাহী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার যুবদলের সাবেক নেতা মজিবুর রহমান ফরহাদ, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান বাদল,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী খলিফা, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরিদ মস্তান, যারা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রহমান বেপারী, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, চারু মোল্লা প্রমুখ।