বিশ্ববাজারে

তেলের দাম বাড়লেও বাংলাদেশে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৮:১৭ পিএম
তেলের দাম বাড়লেও বাংলাদেশে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও আপাতত বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও আসন্ন ঈদ যাত্রা বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এর কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন,  “যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির মূল্য কিছুটা বেড়েছে। তবে আমাদের দেশে ঈদ যাত্রায় বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এর কোনো প্রভাব পড়বে না। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।” যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের পদক্ষেপ কী হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার। জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে যা যা করণীয়, সে বিষয়ে সরকার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে সিলেট নগরীর বিভিন্ন সমস্যাও ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন, তা শতভাগ পালন করার জন্য আমি কাজ করে যাব। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।” অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, আয়োজক শফিকুর রহমান সুমনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সিলেট নগরীতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে