বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর বাজারের পাশের সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। মোল্লাহাট বাজারে তার টিন ও স্যানিটারি পণ্যের দোকান ছিল। স্থানীয়ভাবে তিনি শ্রমিকলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ। বাজারের পশ্চিম পাশে পানবাজারের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব কুমার পাল জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সোহাগ শেখের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন ছিল।”
ঘটনার বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক বলেন, দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি চালায়। তার শরীরে তিনটি গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল শেষে বিস্তারিত জানা যাবে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।”
পুলিশ আরও জানায়, একই দিন শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় সোহাগ শেখের দোকানের কর্মচারী নূর ইসলামকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। নূর ইসলাম কুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, কর্মচারীর ওপর হামলা এবং পরে ব্যবসায়ী সোহাগ শেখকে হত্যার ঘটনার পেছনে ব্যবসা সংক্রান্ত বিরোধ থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চলছে।