ঢাকা মেট্রোপলিটন পুলিশে সাত কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত আদেশে কর্মকর্তাদের বর্তমান পদ ও নতুন দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পদায়ন অনুযায়ী, কয়েকজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনারকে নতুন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, ডিএমপির ক্রাইম বিভাগের (ক্রাইম-১) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে মতিঝিল বিভাগে সেকেন্ড ইন কমান্ড হিসেবে পদায়ন করা হয়েছে। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিমকে তেজগাঁও বিভাগেই সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া অপারেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম ফজল-হোসেনকে মিরপুর বিভাগে সেকেন্ড ইন কমান্ড করা হয়েছে। মতিঝিল ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইমরানুল হককে অপারেশনস বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে গুলশান বিভাগের গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার মো. নাজরুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পিওএম পূর্ব বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। মানবসম্পদ বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার বিরিন আক্তারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।
তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্তার আলীকেও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে তেজগাঁও বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপি সদর দপ্তর জানিয়েছে, নতুন পদায়ন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বিভাগে দায়িত্ব গ্রহণ করে কার্যক্রম পরিচালনা করবেন।