পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০দিন পণ্য আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই কয়দিন বন্দরে আমদানি-রপ্তানি হবে না। তবে এ সময়ে চেকপোস্টের মাধ্যমে এই দুই দেশে বৈধ পাসপোর্ট- ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শাহীনুর ইসলাম। তিনি জানান, পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে আগামী ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা ১০ দিন বন্ধ রাখার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এ সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সহ বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। তিনি আরও জানান, আগামী ২৮ মার্চ থেকে পুনরায় এই বন্দরের সকল কার্যক্রম শুরু হবে। বর্তমানে রমজানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, বন্দরে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা- যাওয়া স্বাভাবিক থাকবে। সপ্তাহের ৭দিনই ইমিগ্রেশনের কার্যক্রম চালু থাকে। হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আমীর হামজা জানান, সরকারি ছুটির কারণে এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত দিনগুলিতে কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ চালু থাকবে।