খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতি গ্রামে গাছের কেনা বেল পাড়াকে কেন্দ্র করে আঃ রহমান নামক জনৈক ফল বিক্রেতাকে মারধরের ঘটনা ঘটেছে। গত শনিবার সকালে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। আহত আব্দুর রহমান হাজী গ্রামের বাসিন্দা এবং পেশায় ফল বিক্রেতা। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তৈবুর শেখের ছেলে হানিফ শেখের নেতৃত্বে প্রায় ১৫/২০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। সূত্র আরও জানায়, আব্দুর রহমান বিক্রির উদ্দেশ্যে স্থানীয় কৃষ্ণ দাসের স্ত্রীর কাছ থেকে পাইকারি দরে বেল ক্রয় করেন। পরে গাছ থেকে বেল পাড়তে গেলে হানিফ শেখ ও তার সহযোগীরা সেখানে এসে বাধা দেয় এবং ওই জমির মালিকানা নিজেদের দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা আব্দুর রহমানকে গাছ থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করে। এতে তার মাথা ফেটে যায় এবং তিনি আহত হন। এ সময় তার কাছে থাকা ৩০ হাজার টাকা হামলাকারীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়। তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে। তারা আহত আব্দুর রহমানকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্যে এমন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।