জন্ম থেকেই দুই হাত নেই। তবুও থেমে থাকেননি তিনি। পা দুটোকেই হাতের বিকল্প হিসেবে গড়ে তুলে জীবনের প্রতিটি কাজ নিজেই করেন। গতকাল রোববার (১৫ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাকিনা বেগমের বাড়িতে গিয়ে তাকে নগদ অর্থ ও ঈদসামগ্রী উপহার দেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। এসময় তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন। জানা যায়, সিংগাড়ী গ্রামের মৃত শামসুর সরদারের মেয়ে ছাকিনা বেগম জন্ম থেকেই দুই হাতবিহীন। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা তাকে দমিয়ে রাখতে পারেনি। ছোটবেলা থেকেই নিজের পা দুটিকে হাতের বিকল্প হিসেবে ব্যবহার করতে শিখেছেন তিনি। ঘরের প্রায় সব কাজই করেন পা দিয়ে— মাছ ও সবজি কাটা, রান্না করা, চুল বাঁধা, কাপড় পরা থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সব কাজই। দুই হাত না থাকায় তার বিয়ে হয়নি। ফলে কখনো ভাইয়ের বাড়ি, আবার কখনো বোনের বাড়িতে থাকেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, জন্ম থেকে দুই হাতবিহীন ছাকিনা বেগম সম্পর্কে জানার পর তাকে দেখতে তার বাড়িতে যাই। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামর্থ্য অনুযায়ী কিছু নগদ অর্থ ও ঈদসামগ্রী উপহার হিসেবে তার হাতে তুলে দিয়েছি। নগদ অর্থ ও ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত ছাকিনা বেগম বলেন, এই প্রথম কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আমার বাড়িতে এসে আমাকে টাকা ও ঈদের উপহার দিলেন। এতে আমি খুব খুশি হয়েছি।