ভিজিএফের চাল না পেয়ে শ্লোগান

বাগমারায় এক ব্যক্তিকে কিল-ঘুষি দিয়ে তাড়িয়ে দিলো বিএনপি নেতা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৭:৫৪ পিএম
বাগমারায় এক ব্যক্তিকে কিল-ঘুষি দিয়ে তাড়িয়ে দিলো বিএনপি নেতা
রাজশাহীর বাগমারা উপজেলায় ভিজিএফের চাল না পেয়ে বিএনপির বিরুদ্ধে শ্লোগান দেওয়া সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে কিল-ঘুষি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে ভবানীগঞ্জ পৌরসভার সামনে ঘটনাটি ঘটে। পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক এমন ঘটনা ঘটান। ভুক্তভোগী সিরাজুল ইসলামের বাড়ি পৌরসভার বিলবাড়ি মহল্লায়। তাকে মারধরের একটি ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা আবদুর রাজ্জাক কিল-ঘুষি মারতে মারছেন আর সিরাজুল সরে যাচ্ছেন। এক পর্যায়ে সিরাজুল দৌড় দিলে রাজ্জাকও কিছুটা তার পেছনে গিয়ে থেমে যান। এ সময় সিরাজুল ইসলামের হাতে একটি খালি বস্তা দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এবার ঈদ উপলক্ষে ভবানীগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২৫ জনের জন্য ১০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ আসে। তালিকা বিএনপি ও জামায়াতের নেতারা করেন। সকাল থেকে ভবানীগঞ্জের আলুহাটায় চাল বিতরণ করা হচ্ছিল। সেখানে আগে চাল পেতেন এমন হতদরিদ্ররাও আসেন। কিন্তু এবার তালিকায় নাম না থাকার কারণে তাদের চাল দেওয়া হয়নি। পরে যারা চাল পাননি তারা পৌরসভায় যান পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁইয়ার সঙ্গে কথা বলতে। সেখানে বিএনপি নেতারাও অবস্থান করছিলেন। চাল না পাওয়া অনেকে পৌরসভার সামনে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এ সময় সিরাজুল ইসলামকে মারধর করেন পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক। এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পরে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন স্থানীয় জামায়াতের নেতারা। সংবাদ সম্মেলনে ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশিকুর রহমান আশিক বলেন, অসহায় লোকজন চাল পাচ্ছে না এমন ঘটনা প্রশাসনকে জানাতে গেলে আগে থেকেই সেখানে থাকা বিএনপির লোকজন ধাক্কা দিয়ে বের করে দেন। অসহায়দের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।  এ বিষয়ে ভুক্তভোগী সিরাজুল ইসলামের সঙ্গে কথা বলা যায়নি। ঘটনার বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আবদুর রাজ্জাক বলেন, ‘আমি নিজে সিরাজুলকে চাল দেওয়ার জন্য স্লিপ দিয়েছি। কিন্তু সে পরে জামায়াতের লোকজনের সাথে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিল।’ মারধরের সময়ও সিরাজুলের হাতে খালি বস্তা দেখা যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘স্লিপ দিয়েছি। সেটা নিয়ে সে কী করেছে তা তো বলতে পারব না। এ জন্যই আমার রাগ লেগেছিল।’ ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘বিএনপি-জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শেই তালিকা করে সুন্দরভাবে চাল দেওয়া হয়েছে। এ রকম ঘটনা শুনেছি। এটা বিচ্ছিন্ন ঘটনা। কেন ঘটেছে তা জানি না।’