বাবুগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার মালিককে জরিমানা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৮:৪৫ পিএম
বাবুগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার মালিককে জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা ও আড়িয়াল খা নদীর মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার পূর্ব ভুতের দিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিক মনির হোসেন প্যাদাকে দুই লাখ টাকা এবং এনামুল সিকদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, উপজেলার পূর্ব ভুতের দিয়া এলাকায় অবস্থিত বালু মহালের ইজারা বাতিল করা হলেও একটি চক্র দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। এতে আশপাশের বসতঘর, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি আরও জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে