গত ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় সংগীত বাজানো হলে বিরোধী দলের কিছু সদস্যের পক্ষ থেকে যথাযথ সম্মান প্রদর্শন না করার ঘটনায় ভাসানী জনশক্তি পার্টি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম বলেন, জাতীয় সংগীত একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয় ঐক্যের প্রতীক। জাতীয় সংসদের মতো সর্বোচ্চ আইনসভায় জাতীয় সংগীতের সময় যথাযথ সম্মান প্রদর্শন করা প্রত্যেক সংসদ সদস্যের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। নেতৃদ্বয় বলেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শনের প্রশ্নে কোনো আপস চলতে পারে না। এ ধরনের আচরণ শুধু সংসদের মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, বরং সমগ্র জাতির অনুভূতিকে আঘাত করে। বিবৃতিতে নেতৃদ্বয় সংশ্লিষ্ট বিরোধী দলের সদস্যদের এ ধরনের আচরণের জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।