রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘সারা বাংলাদেশে আজকে যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে তা শহিদ জিয়ার দেখানো। আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনবো। সেই মাটিতে চাষ করবো এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো।’
সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দমদমা খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কী দুর্ভিক্ষই না ছিল বাংলাদেশে। খাদ্য নেই, বাংলাদেশের মানুষ নিঃস্ব, কঙ্কালসার শরীর। অথচ তখন লোকসংখ্যা ছিল সাত কোটির মতো। শহীদ জিয়া ক্ষমতায় এসে জনগণকে উদ্বুদ্ধ করেছেন। সারা দেশে খাল খননের মাধ্যমে তিনি এক ফসলি জমিকে তিন ফসলি করেছেন। এভাবে সাতাত্তর-আটাত্তর সালে তিনি বাংলাদেশকে প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।’
এ সময় মন্ত্রী, তার ছাত্র জীবনে রাজশাহীতে জিয়াউর রহমানের খাল কাটতে আসার কথা স্মরণ করেন এবং ওই খাল খননের মাধ্যমে জনগণ উদ্বুদ্ধ হওয়ায় তখন এ এলাকায় ব্যাপক পরিবর্তন ঘটেছিল বলে মন্তব্য করেন।
খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।