ঈদে ১০ দিন বন্ধ থাকছে ভোমরা স্থলবন্দর, যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৭:১৬ পিএম
ঈদে ১০ দিন বন্ধ থাকছে ভোমরা স্থলবন্দর, যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময়ে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, সংগঠনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ পর্যন্ত বন্দরে নিয়মিত বাণিজ্য চলবে। রমজান মাস বিবেচনায় বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ঈদ উপলক্ষে ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভোমরা কাস্টমস হাউসে সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। এই ১০ দিন ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করবে না। ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে বন্দর দিয়ে পুনরায় যথারীতি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি ছুটির কারণে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের জন্য সীমান্ত খোলা থাকছে। ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, নিয়মিত প্রক্রিয়ায় যাত্রীরা এ সময় সীমান্ত পারাপার হতে পারবেন। কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানিয়েছেন, ঈদের ছুটির সময় পণ্য খালাস বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউসের জরুরি প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে