পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব মূখর পরিবেশে উদযাপনকে ঘিরে এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৬ মার্চ) পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভায় আসন্ন ঈদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বাজার দর নিয়ন্ত্রণ, যানজট নিরসন, বৈধ কাগজপত্র ছাড়া মটরসাইকেল চালানো, মটর সাইকেলে দুই এর অধিক আরোহী বহন না করা, পিকআপ গাড়ীতে ঢাক-ঢোল ও সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ যাত্রা পরিহার করা সহ নির্বিঘ্নে ঈদ উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইউএনও তার বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। উৎসবকালীন সময়ে যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। সভায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আইনুল হক, উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ্ ময়দানের ঈমামগণ, ঈদগাহ্ কমিটির সভাপতি-সম্পাদক, বীর মুক্তিযোদ্ধাগণ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উল্লেখ্য, প্রায় দেড় শতাধিক ঈদগাহ্ মাঠে পবিত্র ঈদের নামাজ আদায় করবেন অত্র উপজেলার মুসুল্লীগণ।