ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে অভিযোগ করুন: আইজিপির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৪:৩৯ পিএম
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে অভিযোগ করুন: আইজিপির

ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। তিনি স্পষ্ট করে বলেছেন, কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানাতে হবে, প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইজিপি জানান, ঈদযাত্রাকে কেন্দ্র করে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

প্রতি বছর ঈদের সময় ঘরমুখো মানুষকে দীর্ঘ যানজট ও নানা ভোগান্তির শিকার হতে হয় উল্লেখ করে তিনি বলেন, “অনেকেই ঈদের আগের দিন রওনা দিয়েও সময়মতো বাড়ি পৌঁছাতে পারেন না।” এ পরিস্থিতি সামাল দিতে সরকার ও পুলিশের সমন্বয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার কাজ চলছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আইজিপি বলেন, “কেউ বেশি ভাড়া নিলে সঙ্গে সঙ্গে অভিযোগ করবেন। প্রমাণ পাওয়া গেলে ডিএমপি ব্যবস্থা নেবে।” একই সঙ্গে তিনি সাধারণ যাত্রীদেরও আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তার ভাষায়, “আইন না জানা কোনো অজুহাত নয়, আইন জানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।”

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও বড় বাজার এলাকায় যানজটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব জায়গায় পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে যানজট নিরসনের চেষ্টা চলছে। চালক ও হেলপারদের উদ্দেশে তিনি বলেন, “সড়কের মাঝে গাড়ি রেখে দেওয়া বা নিয়ম না মানা যানজট বাড়ায়। সামান্য সচেতনতা থাকলেই অনেক সমস্যা কমানো সম্ভব।”

বাস টার্মিনাল ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে আইজিপি বলেন, এটি যাত্রীদের নিরাপত্তার জন্যই নেওয়া হয়েছে। “এখানে আইনশৃঙ্খলার বিষয় জড়িত। ছিনতাইকারী বা অপরাধীদের ঠেকাতেই এই ব্যবস্থা,” বলেন তিনি। একই সঙ্গে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদেও কঠোর অবস্থানের কথা জানান।

আইজিপি আশ্বস্ত করে বলেন, আসন্ন ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। মহাসড়কে যানজট কমানো ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে