রংপুর-কুড়িগ্রাম সড়কে ভয়াবহ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় তার বহনকারী মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনি নিজে সামান্য আহত হলেও চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে কুড়িগ্রামগামী সংসদ সদস্যের গাড়িটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়ক ছেড়ে পাশের খাদে পড়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অতিরিক্ত গতিতে চলছিল এবং সড়ক নিয়ম না মেনেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় এমপি আতিক মুজাহিদ, তার ব্যক্তিগত কর্মকর্তা এবং চালক আহত হন।
সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ বলেন, “বেপরোয়া যান চলাচলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এমপি সাহেব এখন সুস্থ আছেন এবং নিজ বাড়িতে অবস্থান করছেন।” তবে চালক আবুল কালাম আজাদ ও সহযাত্রী ইকরাম হোসেন গুরুতর আহত হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমপির সহকারী আকরাম হোসাইন জানান, “ভোরে বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ট্রাক লেন পরিবর্তন করে আমাদের গাড়িকে ধাক্কা দেয়। আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছি।”
এদিকে এই দুর্ঘটনা পরিকল্পিত কিনা এমন প্রশ্নে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ বলেন, “এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়, এটি সড়ক দুর্ঘটনা। অনিরাপদ সড়কের কারণে এমন ঘটনা হরহামেশাই ঘটছে। কেউ গুজব ছড়াবেন না।”
বিশ্লেষকরা বলছেন, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরেই ট্রাফিক শৃঙ্খলার অভাব এবং বেপরোয়া যান চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এই ঘটনার পর আবারও সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।