চাটমোহরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। চাটমোহর পৌর সদরের নতুন বাজার নিশিপাড়া মোড়ে একটি তেলের দোকানে এক লিটার পেট্টোল ১৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। মোটরসাইকেল চালকরা জানান,ওই দোকানে প্রচুর জ্বালানি তেল মজুদ রয়েছে। সেখানে প্রতি লিটার পেট্রোল বিক্রি করা হচ্ছে ১৫০ টাকায়। গতকাল মঙ্গলবার বেশ কয়েকজন মোটরসাইকেল চালক এমন অভিযোগ করলেন। একাধিক সূত্র জানায়,নতুন বাজারের ওই দোকান থেকেই চাটমোহরের বিভিন্ন খুচরা দোকানে পাইকারী দামে পেট্টোল ও অকটেন বিক্রি করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ওই দোকানী জ্বালানী তেলের দাম বাড়িয়ে দিয়েছে। ভুক্তভোগিরা এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান,এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।