কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিওপিসমূহ কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা১৭ মার্চ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে। অভিযানগুলো কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া ও মেহেপুর জেলার কাথুলী, শুভরাজপুর, চিলমারী, রংমহল, রামকৃষ্ণপুর, আশ্রায়ন ও মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হয়। এসব অভিযানে সীমান্ত পিলারের নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে টহল দল বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চোরাচালানী পণ্যসমূহ জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে মোট ৫,২২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪,২৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩ বোতল মদ এবং ২১৪ প্যাকেট পাতার বিড়ি। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য এবং অন্যান্য পন্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২৮,৮৭,২৭০/- (আটাশ লক্ষ সাতাশি হাজার দুইশত সত্তর) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।