রাজশাহীতে ৫ টাকায় ঈদ আনন্দে খুশির হাট

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১৭ মার্চ, ২০২৬, ০৭:৪১ পিএম | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৭:৪১ পিএম
রাজশাহীতে ৫ টাকায় ঈদ আনন্দে খুশির হাট
রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারী উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক ফোরাম ‘হাউস অব বিউটি ব্লুম’। মাত্র ৫ টাকার বিনিময়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও পোশাক সংগ্রহের সুযোগ করে দিয়ে আয়োজন করা হয় ‘ঈদ খুশির হাট’। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর হেতেমখাঁ এলাকার জাদুঘর মোড়ে বসে এই ব্যতিক্রমী হাট। যেখানে প্রায় এক হাজার নিম্নআয়ের মানুষ নামমাত্র মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পান। সাধারণ ত্রাণ কার্যক্রমের বাইরে গিয়ে এই আয়োজনকে ভিন্নমাত্রা দেন আয়োজকরা। এখানে বিনামূল্যে কিছু না দিয়ে ৫ টাকার প্রতীকী মূল্যে সেমাই, চিনি, তেল ও চালের মধ্যে থেকে একটি পণ্য নেওয়ার সুযোগ রাখা হয়। পাশাপাশি নতুন ও ব্যবহৃত জামাকাপড়ও রাখা হয়, যাতে করে ঈদের আনন্দে কেউ বঞ্চিত না থাকে। আয়োজকদের ভাষ্য, মানুষের আত্মসম্মান অটুট রাখার বিষয়টি মাথায় রেখেই সরাসরি ‘দান’ না করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে সুবিধাভোগীরা কারও কাছে হাত না পেতে সম্মানের সঙ্গে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারছেন। এই আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করা সুবিধাভোগীরা জানান, স্বল্প টাকায় প্রয়োজনীয় জিনিস পেয়ে তাদের ভালো লেগেছে। প্রতিবন্ধী আসাদুল ইসলাম বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে হলেও সেমাই পেয়ে তিনি ভীষণ খুশি। রাহেলা বেগম জানান, ৫ টাকায় একটি নতুন জামা পেয়ে তার পরিবারের ঈদের আনন্দ আরও বেড়ে যাবে।
আপনার জেলার সংবাদ পড়তে