আশাশুনিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইকের পিছনে ধাক্কা দিলে ইজিবাইকের ড্রাইভার সহ ৪জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার কোদন্ডা কেরানী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আশাশুনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, একটি যাত্রীবাহী ইজিবাইক প্যাসেঞ্জার নিয়ে শ্রীউলার দিকে যাচ্ছিল। কেরানি মোড়ে পৌঁছালে, পিছন দিক থেকে আসা প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আশাশুনির স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল জানান, প্রাইভেট কার এর ড্রাইভার শ্রীউলা গ্রামের আফসার সরদারের ছেলে ফরহাদ সরদার, আজিজ সরদারের স্ত্রী হামিদা বেগম, কালিগঞ্জ উপজেলার জয়পত্র কাঠি গ্রামের মোরশেদ আলীর ছেলে আশরাফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরায় রেফার করা হয়েছে। এছাড়া কলিমাখালী গ্রামের মৃত নওয়াব আলী সরদারের ছেলে সাঈদ সরদার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ঢাকা মেট্রো-গ-২৫-৯১২৯ কালো রঙের মাইক্রো গাড়ি থানা হেফাজতে রাখা হয়েছে।